বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযোগের মামলায় গ্রেপ্তার হিরো আলম

Staff Reporter২০ ফেব্রুয়ারী, ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণ অভিযোগের মামলায় গ্রেপ্তার হিরো আলম

আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ হাজির করা হলে আদালত পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দীর্ঘদিন ধরে তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান নিশ্চিত হলে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে ব্যারিকেড দেয়। একপর্যায়ে ধাওয়া করে তার গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক আনোয়ারুল হক এই পরোয়ানা দেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক অভিযোগটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিয়ের প্রস্তাব দেন হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকারের পর গত ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।তদন্ত সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের কিছু সত্যতা মিলেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Share this article