সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Staff Reporter২৪ ফেব্রুয়ারী, ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ছবি: সংগৃহীত কোলাজ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং যারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, তাদের মধ্যে আরও দুই-তিনজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।  তবে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন কয়েকজন পুলিশ সদস্য। সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে এর সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত

তারা ডিসি মাসুদ আলমকে অপসারণ, হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্যাম্পাস ও শহরে অনাকাঙ্ক্ষিত পুলিশি কার্যক্রম বন্ধ এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।