বিশ্ববাজারে হঠাৎ কমতে শুরু করেছে সোনার দাম, কেন

Staff Reporter৩১ জানুয়ারী, ২০২৬
বিশ্ববাজারে হঠাৎ কমতে শুরু করেছে সোনার দাম, কেন

বিশ্ববাজারে হঠাৎই কমতে শুরু করেছে সোনার দাম। গতকাল শুক্রবার মূল্যবান এ ধাতুর দাম কমেছে আউন্সপ্রতি ৪৩৪ ডলার ৪৫ সেন্ট। দেশের বাজারেও তার প্রভাব পড়েছে।

গত সপ্তাহেই সোনার দাম ইতিহাসে প্রথম ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। এমনকি একপর্যায়ে তা ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু সেই সোনার দাম এখন ৪ হাজার ৮৯৩ ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে সোনার দাম আউন্সপ্রতি ৬০০ ডলারের বেশি কমে গেছে।

সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষণ দেখা যাওয়ার পরই বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। উত্তেজনা কিছুটা কমলেও গত বছরের একই সময়ের তুলনায় অনেকটাই বেশি। খবর বিবিসির।

গত সপ্তাহে সোনার দাম পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার মূল কারণ হলো, ডোনাল্ড ট্রাম্প কাকে ফেডের চেয়ারম্যান হিসেবে নেন, তা নিয়ে আশঙ্কা। বাজারের আশঙ্কা ছিল, তিনি এমন একজনকে ফেড চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে পারেন, যিনি সুদের হার কমানোর বিষয়ে তাঁর রাজনৈতিক চাপ মেনে নেবেন। এতে ডলারের মান কমে যাওয়া এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। এসব ঝুঁকি থেকে সুরক্ষা পেতেই বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন।

কিন্তু ফেডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প কেভিন ওয়ারশকে মনোনয়ন দিতে পারেন—এই খবর আসার পর পরিস্থিতি বদলে যায়। অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তাঁকে তুলনামূলকভাবে ‘নিরাপদ’ হিসেবে মনে করছেন বিনিয়োগকারীরা। এ খবরে সোনা, রুপা ও প্লাটিনামের দাম একযোগে কমে যায়।

Share this article